জিয়া উদ্দিন তালুকদার:
শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষা করতে না পারা, গাজার গণহত্যায় সমর্থনসহ লেবার পার্টির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে সংগঠনের সকল পদপদবীসহ প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন তাজ উদ্দিন। তিনি দীর্ঘদিন যাবত লেবার পার্টির সাথে সংশ্লিষ্ট ছিলেন। পেরিবার সিএলপি-এর ট্রেজারার হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
সম্প্রতি বার্মিংহামের লজেলস এলাকার একটি হলে এক সংবাদ সম্মেলনে তিনি লেবার পার্টি থেকে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেন এবং আসন্ন স্থানীয় নির্বাচনে লজেলস এলাকায় কাউন্সিলর পদে নির্বাচন করার ঘোষণা দেন। অনুষ্ঠানে আস্টন, লজেলস এর বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন- হাফিজ এম এ ক্বাবির। লিখিত বক্তব্য পাঠ করেন তাজ উদ্দিন। সংবাদ সম্মেলনে বার্মিংহামে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে লেবার পার্টির বিরুদ্ধে শ্রমজীবী, কৃষ্ণাঙ্গ, এশিয়ান মানুষ এবং মুসলিম সম্প্রদায়, অভিবাসী ও শরণার্থীর উপর আক্রমণ, রিফর্ম ইউকের ঘৃণা ছড়ানোসহ সমাজে দক্ষিণ পন্থার উত্থানে কমিউনিটিকে সঠিক নেতৃত্ব দিতে ব্যর্থতার অভিযোগ তোলেন তাজ উদ্দিন। তিনি বলেন- দুর্বল, প্রান্তিক, নির্যাতিত জনগোষ্ঠীর সপক্ষে লেবার শক্তভাবে না দাঁড়িয়ে কার্যত ইশারা-ইঙ্গিতে কনজারবেটিভ-রিফর্ম ইউকের মতই আচরণ করছে। সংবাদ সম্মেলনে বার্মিংহাম সিটি কাউন্সিল দেউলিয়া হয়ে যাওয়া এবং প্রতিবছর কর বৃদ্ধি এবং সেবার মান-এর অবনতির কথা উল্লেখ করা হয়।
অত্যন্ত বলিষ্ঠভাবে লজেলসসহ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন স্তরে লেবারের অপকর্মের বিরুদ্ধে লড়াইয়ের চ্যালেঞ্জ প্রদান করে তাজ উদ্দিন বলেন, লেবার আমাদের সঙ্গে নেই। লেবার শ্রমিকদের সঙ্গে নেই, লেবার অভিবাসীদের সঙ্গে নেই, লেবার গরিবদের সঙ্গে নেই, লেবার ফিলিস্তিনের সঙ্গে নেই। তাই আমি লেবারের সঙ্গে নেই এবং প্রয়োজনের আমি লেবারের বিরুদ্ধে দাঁড়াব।






কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on লেবার পার্টি থেকে পদত্যাগ করলেন তাজ উদ্দিন